হাদির ওপর গুলি: সেই মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়েছিল, সেটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সরাসরি হামলায় জড়িত ছিলেন কি না, নাকি অন্য কোনোভাবে অপরাধে সংশ্লিষ্ট—তা খতিয়ে দেখা হচ্ছে।
র্যাব আরও জানায়, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি কীভাবে হামলাকারীদের কাছে পৌঁছায় এবং ঘটনার পেছনে কোনো সংগঠিত চক্র আছে কি না—সে বিষয়েও তদন্ত চলছে। হামলায় ব্যবহৃত অস্ত্র ও গুলির উৎস শনাক্তে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে রাজধানীতে শরীফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তদন্তের স্বার্থে সব সম্ভাব্য দিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Comments
Post a Comment